চোট কাটিয়ে ডার্বিতে ফিরতে মরিয়া আলভারেজ, ঘাম ঝরাচ্ছেন অনুশীলনে
সময় যত গড়াচ্ছে, ততই দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করছেন হুলিয়ান আলভারেজ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার দৌড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

স্পোর্টস ডেস্ক
সময় যত গড়াচ্ছে, ততই দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করছেন হুলিয়ান আলভারেজ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার দৌড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লক্ষ্য একটাই—মাদ্রিদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামা এবং নিজের স্বাভাবিক ছন্দে ফেরা। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র তথ্য অনুযায়ী, ডার্বিকে সামনে রেখে সাম্প্রতিক দিনগুলোতে একক অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিয়েছেন আলভারেজ। কোচ দিয়েগো সিমিওনে যখন পুরো দলকে বিশ্রাম দিয়েছিলেন, সেই দিনেও বিশ্রাম না নিয়ে একা মাঠে ঘাম ঝরিয়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শুক্রবার মূল দলের অনুশীলনে যোগ দেওয়ার আগেও আলাদা করে ব্যক্তিগত সেশন করেছেন তিনি। সবকিছুর উদ্দেশ্য পরিষ্কার—রবিবারের হাইভোল্টেজ ডার্বির জন্য নিজেকে প্রস্তুত করা। তবে ম্যাচ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের আলোচনার বাইরে থাকছেন আলভারেজ। সাক্ষাৎকার বা ক্যামেরার সামনে না গিয়ে তিনি এখন পুরোপুরি মনোযোগী নিজের রিহ্যাব ও ফিটনেসে ফেরার কাজে। বাইরের কোলাহল এড়িয়ে নীরব প্রস্তুতিই এখন তাঁর পথ।
গত মৌসুমে রিয়ালের বিপক্ষে দারুণ পারফরম্যান্স, গুরুত্বপূর্ণ গোল এবং ম্যাচ জেতানো অবদানের স্মৃতি সমর্থকদের মতোই আলভারেজের মনেও গেঁথে আছে। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করাই এখন তার বড় প্রেরণা। অন্যদিকে ‘অ্যানফিল্ডে’ লিভারপুলের বিপক্ষে চোট পাওয়ার পর এমআরআই স্ক্যানে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়। এরপর ওসাসুনার বিপক্ষে ম্যাচও মিস করেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ায় জিম, ফিজিও এবং মাঠের অনুশীলনে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।
তবে ক্লাবের মেডিকেল টিম চূড়ান্ত সতর্ক অবস্থানে রয়েছে। পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে ঝুঁকিতে না ফেলার সিদ্ধান্তই অগ্রাধিকার পাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় না থাকলেও স্কোয়াডে থাকার জন্য মরিয়া আলভারেজ। এমনকি দরকার হলে শেষ মুহূর্তে বদলি হিসেবে অল্প সময়ের জন্য হলেও মাঠে নামতে চান তিনি। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বড় ম্যাচে এক মুহূর্তের সুযোগও কাজে লাগিয়ে নিজের প্রতিশ্রুতি প্রমাণ করাই এখন তার মূল লক্ষ্য।





