ইউক্রেন-রাশিয়ায় পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা, আতঙ্কে লাখো মানুষ
রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা ছড়িয়ে ইউক্রেনের লাখ লাখ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশটির সরকারি ‘এয়ার অ্যালার্ট’অ্যাপে পারমাণবিক হামলার ঝুঁকির কথা জানিয়ে একের পর এক সতর্কবার্তা পাঠানো হয়।

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা ছড়িয়ে ইউক্রেনের লাখ লাখ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশটির সরকারি ‘এয়ার অ্যালার্ট’অ্যাপে পারমাণবিক হামলার ঝুঁকির কথা জানিয়ে একের পর এক সতর্কবার্তা পাঠানো হয়। পরে জানা যায়, ইউক্রেনের পাশাপাশি রাশিয়ার সরকারি অ্যাপেও একই ধরনের ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছে। দুই দেশের অ্যাপই সাইবার হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য টেলিগ্রাফের। রবিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে ইউক্রেনের ‘এয়ার অ্যালার্ট’অ্যাপে পরপর চারটি বার্তা প্রকাশ করা হয়। এসব বার্তায় রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পারমাণবিক হামলার আশঙ্কার কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তাদের অভ্যন্তরীণ মোবাইল অ্যাপেও বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এর ফলে রুশ নাগরিকদের কাছেও ভুলভাবে পারমাণবিক হামলার সতর্কবার্তা পৌঁছে যায়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত অ্যাপটি পুনরায় সচল করতে কাজ করছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। রাশিয়ার সম্ভাব্য বিমান হামলার বিষয়ে নাগরিকদের আগাম সতর্ক করতে ইউক্রেনে ‘এয়ার অ্যালার্ট’অ্যাপটি ব্যবহৃত হয়। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বাসিন্দাদের হাতে সময় থাকে মাত্র কয়েক মিনিট। হ্যাক হওয়া অ্যাপটিতে রুশ ভাষায় প্রচারিত একটি বার্তায় বলা হয়, চিন্তার কিছু নেই, মাথার ওপর একটি ওরেশনিক উড়ছে। সমগ্র ইউক্রেনজুড়ে পারমাণবিক সতর্কবার্তা চালু করা হয়েছে।
এর আগে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়ে আরেকটি বার্তা পাঠানো হয়। এতে ইউক্রেনের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়। একই সঙ্গে গ্যাস মাস্ক ব্যবহার এবং আয়োডিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া রাসায়নিক হামলা ও সরাসরি যুদ্ধের সতর্কসংকেতও প্রচার করা হয়। এসব বার্তায় নাগরিকদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পাশাপাশি কাপড় দিয়ে মুখ ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তাগুলো প্রচারের প্রায় ১০ মিনিট পর ইউক্রেনের বিমানবাহিনী জানায়, অ্যাপটি সম্ভবত রাশিয়ার সাইবার হামলার কবলে পড়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, আমাদের এয়ার অ্যালার্ট অ্যাপটি শত্রুপক্ষের অনুপ্রবেশের শিকার হয়েছে বলে মনে হচ্ছে। কোনো তেজস্ক্রিয়তার হুমকি নেই। শান্ত থাকুন এবং আমাদের আনুষ্ঠানিক চ্যানেলগুলো অনুসরণ করুন।
ইউক্রেনের আইন অনুযায়ী, সরকারি সব ধরনের যোগাযোগে ইউক্রেনীয় ভাষা ব্যবহার বাধ্যতামূলক। অথচ ওই সতর্কবার্তাগুলো প্রচার করা হয়েছিল রুশ ভাষায়। এ কারণে ঘটনাটিকে ক্রেমলিনের নাশকতামূলক কর্মকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাজাক্স সিস্টেমসের তথ্য অনুযায়ী, ‘এয়ার অ্যালার্ট’অ্যাপটির দৈনিক ব্যবহারকারী প্রায় ৭০ লাখ। এখন পর্যন্ত অ্যাপটি ৪ কোটি ৬০ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে।





