বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/সরকারের চাপে বন্ধ হলো রাশিয়ার স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’
আন্তর্জাতিক

সরকারের চাপে বন্ধ হলো রাশিয়ার স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’

রাশিয়ার অন্যতম প্রভাবশালী স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’বন্ধ হচ্ছে। দীর্ঘদিনের সরকারি চাপ, সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ, আর্থিক সংকট ও আইনি জটিলতার কারণে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে পত্রিকাটি।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪২ AM39 বার পঠিত
সরকারের চাপে বন্ধ হলো রাশিয়ার স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার অন্যতম প্রভাবশালী স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’বন্ধ হচ্ছে। দীর্ঘদিনের সরকারি চাপ, সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ, আর্থিক সংকট ও আইনি জটিলতার কারণে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে পত্রিকাটি। তিন দশক ধরে রাশিয়ায় দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতাসীনদের অনিয়ম নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা সংবাদমাধ্যমটির কার্যালয় থেকেও এখন সরিয়ে নেওয়া হচ্ছে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী। পত্রিকাটির সহ-প্রতিষ্ঠাতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদমাধ্যমটিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘খুন করার অনেক উপায় আছে। তারা আমাদের শ্বাসরোধ করে হত্যা করার পথ বেছে নিয়েছে।’

সম্প্রতি পত্রিকাটির কার্যালয়ে গিয়ে দেখা যায়, চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কার্ডবোর্ডের বাক্স ও প্লাস্টিকের ব্যাগ। কর্মীরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন। তিন দশক ধরে যে কার্যালয় থেকে রাশিয়ার ক্ষমতাসীনদের বিরুদ্ধে নানা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই ঠিকানা ছাড়তে হচ্ছে তাদের।

মুরাতভ জানান, প্রথমে পত্রিকাটির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। এরপর ছাপা সংস্করণ নিষিদ্ধ করা হয় এবং সংবাদমাধ্যমটির প্রকাশনা লাইসেন্স বাতিল করা হয়। একপর্যায়ে পত্রিকাটির সাংবাদিকদের বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। শুধু প্রকাশনার ওপর নিষেধাজ্ঞাই নয়, পত্রিকাটির আর্থিক কার্যক্রমও বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাঠকদের কাছ থেকে অনুদান সংগ্রহ করতে পারছে না সংবাদমাধ্যমটি। ব্যাংকগুলোও অনুদানের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে আয়-রোজগারের পথ কার্যত বন্ধ হয়ে গেছে।

২০২১ সালে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার পান দিমিত্রি মুরাতভ। তবে এই আন্তর্জাতিক স্বীকৃতিও তাকে রুশ কর্তৃপক্ষের চাপ থেকে রক্ষা করতে পারেনি। ২০২৩ সালে তাঁকে ‘বিদেশি চর’ হিসেবে চিহ্নিত করে রাশিয়ার কর্তৃপক্ষ। দেশটিতে সরকারের সমালোচকদের বিরুদ্ধে প্রায়ই এই তকমা ব্যবহার করা হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত নোভায়া গাজেতা কয়েক দশক ধরে রাশিয়ার স্বাধীন সাংবাদিকতার অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে পরিচিতি অর্জন করে। দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, সরকারি কর্মকর্তা ও আমলাদের ক্ষমতার অপব্যবহার এবং চেচনিয়ার যুদ্ধ নিয়ে পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে এই সাংবাদিকতার মূল্যও দিতে হয়েছে সংবাদমাধ্যমটির কর্মীদের।

পত্রিকাটির তথ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের ছয়জন সহকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিক আনা পোলিতকোভস্কায়া। ২০০৬ সালের অক্টোবরে মস্কোয় নিজের আবাসিক ভবনের সিঁড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়। চেচনিয়ার যুদ্ধ এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সাহসী প্রতিবেদন প্রকাশের জন্য তিনি পরিচিত ছিলেন। সম্প্রতি কার্যালয় ছাড়ার প্রস্তুতির সময় সাংবাদিকদের চোখে পড়ে আনার পুরোনো অফিসকক্ষ। হত্যাকাণ্ডের পর তাঁর স্মৃতি ধরে রাখতে কক্ষটি ও সেখানকার জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের নির্দেশের পর অধিকাংশ সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। এখন সেখানে শুধু একটি ডেস্ক ও আনার প্রতিকৃতি পড়ে রয়েছে।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নোভায়া গাজেতা বলেছে, রুশ কর্তৃপক্ষ ও দেশটির নিরাপত্তা বাহিনী সংবাদমাধ্যমটিকে কার্যক্রম বন্ধ করতে বাধ্য করেছে। বিবৃতির শুরুতেই বলা হয়েছে, ‘তারা আমাদের মেরে ফেলেছে।’ পত্রিকাটির অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং স্বাধীন সাংবাদিকতাকে নিশ্চিহ্ন করার একটি সমন্বিত উদ্যোগের অংশ। দেশটিতে মানবাধিকার ও স্বাধীনতা সংকুচিত করা হয়েছে। ব্যক্তিগত মতপ্রকাশকে রাষ্ট্রদ্রোহের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং আইনের শাসন ও বিচারব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর দেশটিতে স্বাধীন সংবাদমাধ্যমের ওপর চাপ আরও বেড়েছে। যুদ্ধ শুরুর পরপরই নতুন আইন প্রণয়ন করা হয়। এসব আইনের মাধ্যমে যুদ্ধ ও সরকারের সমালোচনা এবং ভিন্নমত প্রকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়। চলতি বছরের শুরুতে নোভায়া গাজেতার কার্যালয়ে পুলিশি তল্লাশি চালানো হয়। প্রবীণ অনুসন্ধানী সাংবাদিক ওলেগ রোলডুগিনকে কম্পিউটারভিত্তিক তথ্যে অবৈধ প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই মামলার সূত্র ধরে পত্রিকাটির বর্তমান প্রধান সম্পাদক সের্গেই সোকোলভকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ।

এত চাপের মধ্যেও সীমিত পরিসরে প্রকাশনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নোভায়া গাজেতা। সরকারি নিষেধাজ্ঞা এড়িয়ে পত্রিকাটির ওয়েবসাইটে প্রবেশ করতে পাঠকদের অনেকে ভার্চ্যুয়াল ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করতেন। কিন্তু লাইসেন্স বাতিল, অনুদান বন্ধ এবং একের পর এক আইনি পদক্ষেপের কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিমিত্রি মুরাতভ বলেন, বিশ্বজুড়ে স্বৈরশাসকেরা বিশৃঙ্খলা তৈরি করতে চান। সেই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে তারা নিজেদের দেশ ও জনগণের ওপর নিয়ন্ত্রণ বাড়ান এবং ব্যক্তিগত ক্ষমতা সুসংহত করেন। তবে পরিস্থিতি যত কঠিনই হোক, নিজেদের মূল্যবোধ থেকে সরে আসবেন না বলে জানান তিনি। তার মতে, মানুষের বেঁচে থাকার অধিকার ও মানবাধিকার রাষ্ট্রের অধিকারের চেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরের দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছিল।

বিস্তারিত......
সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

জলবায়ু আন্দোলনকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখকে (এইচআইএএল) ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিস্তারিত......

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

ব্রেন্ট ক্রুডের গড় দাম আগামী ডিসেম্বরে ১০৫ ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

বিস্তারিত......


রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দিলে রাশিয়ার তেল শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাব দেন।

বিস্তারিত......