সিংহের কেশরের নিচে

রেজাউদ্দিন স্টালিন *
সকালের সামনে দিয়ে চলে গেলো একটা দুপুর দুপুরের সামনে দিয়ে বিকেল বিকেলের পেছন দিয়ে রাত কেউ বুঝলো না সময়
মেঘের মুখের ওপর দিয়ে চলে গেলো চন্দ্রযান মাধ্যাকর্ষণ বুঝতেও পারেনি পৃথিবীর চলাচল সবাই তাকিয়ে আছে নভোযানের দিকে আর বিশ্বের মধ্যমণিরা মহাকাশের জানলা দিয়ে দেখছে
লেবানন গাজার লেলিহান মুহূর্তগুলো পৃথিবীকে টুকরো করে ফেলছে মিসাইল টেনে ছিঁড়ে ফেলছে আকাশ ঝুলে পড়তে পড়তে নক্ষত্রেরা বাদুড়
পাখিরূপী বিমান উড়তে-উড়তে মেঘ বোমারু বিমান ছুটতে ছুটতে হাঙর নিচে দাঁড়িয়ে সবাই শুনছে কোটি কোটি বজ্রনাদ
বিস্ময়কর রূপান্তর প্রত্যেকে শুয়ে আছে এক বুভুক্ষু গর্জমান সিংহের কেশরের নিচে।




