জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ডিজিটাল প্রযুক্তির ওপর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে।

গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ডিজিটাল প্রযুক্তির ওপর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে। সাইবার ঝুঁকি চিহ্নিত ও প্রতিরোধ এবং সাইবার অপরাধ মোকাবিলায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আয়োজিত দিনব্যাপী সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
ভাইস-চ্যান্সেলর বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিগত, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক তথ্য ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্যই আমরা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার স্থাপন করতে যাচ্ছি। এর মাধ্যমে সারাদেশে সংশ্লিষ্টদের সাইবার নিরাপত্তা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিতে চাই।’
কর্মশালায় সাইবার নিরাপত্তা, সাইবার জালিয়াতি ও সাইবার অপরাধের আইনগত কাঠামো নিয়ে তিনটি কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। এতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম আলোচনা করেন। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





