যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত
যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মুক্ততথ্য ডেস্ক (যশোর)
যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ২০ শয্যার প্রতিষ্ঠানটি প্রথমে ৩০ শয্যায় এবং পরে ৫০ শয্যায় উন্নীত করা হবে। শুক্রবার সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
প্রতিমন্ত্রী জানান, ২০২৮ সালের জুন মাসের মধ্যে যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র চত্বরে নয়তলা ভবন নির্মাণ করা হবে। একনেকে অপেক্ষমাণ প্রকল্প পাস করিয়ে আনার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, অতীতে এই কেন্দ্রে সিজারিয়ান অপারেশন ও ধাত্রী সেবার সুযোগ ছিল না। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, যেনতেন কায়দায় সেবা দিয়ে আত্মতৃপ্তির সুযোগ নেই। মানুষকে মানসম্মত, নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডকোলজিস্ট অ্যাপ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন।





